দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকটে ভোগান্তি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও ঘাট সংকটে ভোগান্তি

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ঘাটের মধ্যে পাঁচটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা। দৌলতদিয়া প্রান্তে প্রায় দুই কিলোমিটারজুড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে চালক ও সহকারীদের।

বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ঘাটের মধ্যে বর্তমানে মাত্র দুটি ঘাট সচল রয়েছে। অন্যদিকে নৌরুটে থাকা ১৫টি ফেরির মধ্যে সাতটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে ঘাটে ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে খুলনা থেকে ছেড়ে আসা এক ট্রাকচালক জানান, দৌলতদিয়া প্রান্তে ৪ ও ৬ নম্বর ঘাট সচল রয়েছে। তবে ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ ধরে ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেকে সিরিয়াল ভেঙে অতিরিক্ত টাকা দিয়ে ফেরিতে পদ্মা পার হচ্ছেন বলেও জানান তিনি।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ কয়েকজন ট্রাকচালক জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে ওঠার সুযোগ মিলছে না। ঘাটের সংখ্যা কম থাকায় যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত বন্ধ ঘাটগুলো সচল করে ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ভোগান্তি হচ্ছে। তবে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে। ঘাট ও ফেরি চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।