বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নি‌তে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নি‌তে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনা

সংগৃহীত

বাংলাদেশ ও লিথুয়ানিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি লিথুয়ানিয়ায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং লিথুয়ানিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস-মিনিস্টার ভিদমান্তাস ভারবিকাস।

বৈঠকের শুরুতে নিয়মিত এফওসি আয়োজনের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বৈঠকে রাজনৈতিক যোগাযোগ, উচ্চপর্যায়ের সফর, বাণিজ্য ও বিনিয়োগ, আইসিটি, ই-গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, পর্যটন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানায় ঢাকা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচির আওতায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি লিথুয়ানিয়ায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনসহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে লিথুয়ানিয়া। ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে ইইউর সভাপতির দায়িত্ব পালন করবে দেশটি।

এ ছাড়া, ২০২৭ সালে বাংলাদেশ-লিথুয়ানিয়ার কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।