যে পরিকল্পনায় বাংলাদেশের ব্যাটারদের ধরাশায়ী করেছে আফগানরা

যে পরিকল্পনায় বাংলাদেশের ব্যাটারদের ধরাশায়ী করেছে আফগানরা

ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টে প্রথম দিনেই ৩১৭ রান দিয়ে বাংলাদেশের ৮ উইকেট তুলে নিয়েছে আফগানিস্তানের বোলররা। বিশেষ করে দলটির তিন পেসার মিলে শিকার করেছেন ৭ উইকেট। দিন শেষে ইয়ামিন আহমেদজাই কথা বলেছেন এই বিষয়ে। দ্বিতীয় সেশনে মুশফিক ও মুমিনুল হককে আউট করে বাংলাদেশকে চাপে ফেলেন এই পেসার। 

নিজেদের পরিকল্পনা নিয়ে আহমেদজাই বলেন, ‘প্রথম সেশনের পর আমাদের পরিকল্পনা ছিল, তারা একটু আক্রমণাত্মক ব্যাটিং করছিল। আমরা চেয়েছিলাম, নিজেদের পরিকল্পনায় অটল থেকে তাদের শট খেলতে দিতে। তারা যেভাবে খেলতে চায়, খেলুক। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বদলাব না।’

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এই সিদ্ধান্তই সঠিক ছিল বলে মনে করেন আফগানিস্তানের পেসার, 'এই ধরনের উইকেটে আগে ব্যাটিং করাই ভালো। তবে শেষ পর্যন্ত দিনটা আমাদের জন্য ভালো গেছে।'

পরে লিটনের ক্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক ক্যাচ নিয়েছি। তবে এটা ভালো ক্যাচ ছিল। দিনের শেষ দিকে ক্যাচটা নিতে হয়েছে, বেশ চেষ্টা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ক্যাচটা নিতে পেরেছি।’

মুশফিককে আউট করার পরিকল্পনা প্রসঙ্গে এই পেসার বলেন, 'মুশফিককে আউট করার আগেও আমি বেশ কয়েকটি বল অফ স্টাম্পের বাইরের দিকে, পাঁচ ও ছয় নম্বর স্টাম্প বরাবর করেছি। আমি চেয়েছিলাম, আমার লাইনেই খেলতে বাধ্য হোক সে। কিন্তু দুর্ভাগ্যবশত, সে সেভাবে খেলছিল না। হঠাৎ সিদ্ধান্ত নিলাম, একটু সোজা বল করব। বলটা কিছুটা রিভার্স সুইং করল, আর আমি তার উইকেট পেয়ে গেলাম।’