সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য এক হাজার ২০ জনের খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় কোনো ভুল বা অসঙ্গতি থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
মাউশি জানিয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১১ ও ২০১২ সালে যোগদান করা সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় শিক্ষকদের বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, চাকরি স্থায়ীকরণের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা কিংবা বিএড পাসের তারিখে কোনো ভুল থাকলে তা সংশোধনের আবেদন করা যাবে। এ ছাড়া যোগ্য কোনো শিক্ষকের নাম তালিকায় না থাকলেও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার সুযোগ রয়েছে।
কোনো শিক্ষক অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে আবেদনে সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের যথাযথ Authorities বা কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন পাঠাতে হবে।
এ জন্য addshesecondary1@gmail.com ই-মেইল ঠিকানায় আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি।
এদিকে খসড়া তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত হলে কিংবা চাকরি থেকে অব্যাহতি পেয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।