বিশ্বকাপ ব্যর্থতা ও টানা চার হারে তুরস্কের কোচ বরখাস্ত

বিশ্বকাপ ব্যর্থতা ও টানা চার হারে তুরস্কের কোচ বরখাস্ত

সংগৃহীত ছবি

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এবং উয়েফা নেশনস লিগে টানা চার হারের পর ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো মন্টেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। 

শুক্রবার এক বিবৃতিতে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ৫২ বছর বয়সী এই ইতালিয়ানকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি। তবে তার উত্তরসূরি হিসেবে এখনো কানো নাম ঘোষণা করা হয়নি।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তুরস্ককে। তিন ম্যাচের দুটিতে হেরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় দলটি। বিশ্বকাপের সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই নেশনস লিগের সর্বোচ্চ স্তর ‘লিগ এ’-তে আরও বিপর্যয়ের মুখে পড়ে তারা। ফ্রান্স ও বেলজিয়ামের কাছে হারের পাশাপাশি ইতালির বিপক্ষে দুই ম্যাচেও পরাজিত হয় তুরস্ক। ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে ৩৮ বছরের মধ্যে প্রথমবার টানা চার ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা হয় দলটির।

২০২৩ সালের সেপ্টেম্বরে স্টেফান কুন্টজের স্থলাভিষিক্ত হয়ে তুরস্কের দায়িত্ব নিয়েছিলেন মন্টেলা। তার অধীনে দলটির উল্লেখযোগ্য সাফল্যও ছিল। ২০২৪ সালের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে তুরস্ককে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করে তার অধীনে।

তবে সাম্প্রতিক ব্যর্থতা এবং টানা পরাজয়ের ধাক্কা শেষ পর্যন্ত মন্টেলার বিদায় ত্বরান্বিত করেছে। তার অধীনে ইউরোতে সাফল্য এবং বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পরও সাম্প্রতিক ফলাফল নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল।

এদিকে, কোচ পরিবর্তনের পাশাপাশি নিজেদের সাংগঠনিক কাঠামো নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নিয়মিত সাধারণ সভা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান নির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। তবে নতুন কোচ নিয়োগের বিষয়ে কোনো সময়সীমা বা সম্ভাব্য প্রার্থীর নাম জানানো হয়নি।

তথ্যসূত্র : আনাদোলু