নাটোরে বিশ্ব ডাক দিবসে সপ্তাহব্যাপী চিঠি লেখার উৎসব

নাটোরে বিশ্ব ডাক দিবসে সপ্তাহব্যাপী চিঠি লেখার উৎসব

সংগৃহীত

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে নাটোর জেলায় সপ্তাহব্যাপী চিঠি লেখা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় ডিসি পার্ক আঙিনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যাশা, নতুন প্রজন্ম চিঠি লেখায় অভ্যস্ত হয়ে উঠুক। তাদের হাতের স্পর্শ ডাক বিভাগের মাধ্যমে পৌঁছে যাক কাঙ্খিত গন্তব্যে।

রাজশাহী বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. রকিব বিশ্বাস বলেন, ডাক বিভাগের নতুন সার্ভিস ‘স্পীড পোস্ট সার্ভিস’ জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি ই-কমার্স সার্ভিসও গতি পেয়েছে। জনগণের আস্থার জায়গায় ডাকঘরকে সমুন্বত রেখে খুব দ্রুত তাদের প্রত্যাশা পূরণে ডাক বিভাগ সক্ষম হবে।

নাটোর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মো. শফিকুল ইসলাম বাসস’কে জানান, ডাকঘরের মাধ্যমে চিঠি প্রেরণের ব্যবস্থাকে জনপ্রিয় করতে পোস্টম্যানকে দ্রুতগতির স্কুটি প্রদান করা হচ্ছে। এছাড়া দ্রুত সেবা নিশ্চিত করতে অন্যান্য কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

চিঠি লেখার উৎসবে বিকেল তিনটা থেকে ছোট্ট শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চিঠি লেখা শুরু করেন। সন্ধ্যার মধ্যে শতাধিক চিঠি লেখা হয়। এসব চিঠি বিনামূল্যে ডাক বিভাগ প্রাপকের কাছে পৌঁছে দেবে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিঠি প্রেরণের সুযোগ থাকছে। আগামী বুধবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিঠি লেখার উৎসব আয়োজন করা হবে।

চিঠি লেখার অনুভূতি ব্যক্ত করে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন বাসস’কে জানান, তথ্য প্রযুক্তির এই সময়ে কাগজে-কলমে চিঠি লেখার এন্টিক মূল্য আছে। নস্টালজিয়ায় মনে হচ্ছে, প্রায় এক যুগ আগে চিঠি লেখার দিনগুলোতে ফিরে গেছি।