লিডসের বিপক্ষে আর্সেনালের কষ্টার্জিত জয়
ছবি: সংগৃহীত
ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা ছোঁয়ার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের জালে বল ঠেলে দেয় লিডস ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তারা তাদের শেষ ১১ ম্যাচে প্রথমে গোল করে কখনও হারেনি, সেই পরিসংখ্যান এমিরেটস স্টেডিয়াম থেকে পয়েন্ট নিয়ে যেতে উজ্জীবিত করেছিল তাদেরকে। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল।
চলতি মৌসুমে প্রথম চার ম্যাচে মাত্র এক গোল হজম করে সবগুলো জিতেছিল আর্সেনাল। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ব্রাইটনের কাছে ৩-০ গোলের হার তাদের বড় ধাক্কা দিয়েছিল। তিন সপ্তাহ পর আবার যখন ক্লাব ফুটবল মাঠে গড়াল, তখন গানাররা প্রথম গোল খেয়ে ভেঙে পড়তে বসেছিল। শেষ পর্যন্ত হাল না ছেড়ে ২-১ গোলের জয় আদায় করেছে মিকেল আর্তেতার দল।
এই জয়ে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট পেয়েছে তারা। আগামীকাল লিভারপুলের মাঠে নামার আগে ম্যানসিটি সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।