নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এস কে সাদ্দাম গ্রেপ্তার
প্রতীকী ছবি।
তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।