‘নিরপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, অপরাধী যেন ছাড়া না পায়’
ছবি: সংগৃহীত
নিরপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃত অপরাধী যেন আইনের ফাঁক গলে ছাড়া না পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার। শনিবার চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কনফারেন্সে মামলার তদন্ত, আসামি গ্রেফতার, সমন ও গ্রেফতারি পরোয়ানা তামিল, সাক্ষী হাজির, জখমি সনদ ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ এবং আদালতের নিরাপত্তাসহ ফৌজদারি বিচারপ্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, আসামি গ্রেফতারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী যথাযথভাবে অনুসরণ করতে হবে। তদন্তকাজে তদন্তকারী কর্মকর্তাকে সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা করা বাধ্যতামূলক। কেউ অসহযোগিতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যার ওপর যে দায়িত্ব রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে পালন করাই দেশপ্রেম। ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয় ও জবাবদিহিতার ভিত্তিতে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে।
স্বাগত বক্তব্য কনফারেন্সের শুরুতে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পারসন মো. মহিদুল ইসলাম। এসময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, উপকমিশনার (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী, আনসার ও ভিডিপির পরিচালক মো. আমিন উদ্দিন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দপ্তরের প্রতিনিধি, মহানগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।