বিপিজেএর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর পল্টনে বিপিজেএর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। বক্তব্যে তিনি ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিপিজেএর আসন্ন জাতীয় সম্মেলন সফল করতে সব জেলা শাখার নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, বরগুনা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সম্মেলনের আয়োজন, প্রস্তুতি এবং সম্মেলনকে সফল ও সার্থক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত নেতাদের সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অংশ নেওয়া নেতারা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বিপিজেএর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশের ফটো সাংবাদিকদের মধ্যে ঐক্য জোরদার, পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ আরও শক্তিশালী হবে।