কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ছবিঃ সংগৃহিত।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারত থেকে দেশে আনা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ।
রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে ভারতের কলকাতা থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
পরে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মরদেহ দেশে আনা ও হস্তান্তরকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুরো প্রক্রিয়া তদারকি করেন বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন। এ ছাড়া ডিবি পুলিশ ও বিজিবির বিশেষ দলও নিরাপত্তার দায়িত্ব পালন করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মরদেহ বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে পৌঁছানোর পর যথাযথ ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।