নসিমনের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী আহত, আশঙ্কাজনক ২

নসিমনের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী আহত, আশঙ্কাজনক ২

ফাইল ছবি

 

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নসিমনের ধাক্কায় একটি ইজিবাইকের চালক ও শিশুসহ চারজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় হাকিমপুর-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—ইজিবাইক চালক ও বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার বাসিন্দা আবদুল জলিল এবং নবাবগঞ্জ উপজেলার ছোট তেতুলিয়া গ্রামের মোখলেছার ও তাঁর স্ত্রী রেহেনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নিয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। হাকিমপুর পজেলার ফকিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির হোসেন জানান, আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মোখলেছার ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা শামীম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত নসিমনটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।