হরমুজ প্রণালীতে ‘সুপারট্যাঙ্কারে’ হামলা চালিয়েছে ইরান
সংগৃহীত
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালীতে একটি ‘সুপারট্যাঙ্কার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ‘অনুমোদনহীন রুট’ ব্যবহার করে যাওয়ার চেষ্টাকালে তারা এই মালবাহী জাহাজে হামলা চালায়।
আইআরজিসি’র নৌবাহিনী তাদের সেপাহ নিউজ প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, 'হরমুজ প্রণালীতে একটি সুপারট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে এবং সেটিতে আগুন ধরে যায়।'
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি ট্রান্সপন্ডার বন্ধ রেখে' এবং গার্ডস নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করেছিল।
আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার আলী ওজমাই গত সপ্তাহান্তে সতর্ক করে দিয়ে বলেছিলেন, প্রণালী অতিক্রম করার সময় সনাক্তকরণ এড়াতে যেসব জলযান ট্রান্সপন্ডার বন্ধ রাখবে, সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে গণ্য করা হবে এবং কঠোর জবাবের মুখে পড়তে হবে।
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও সোমবার জানিয়েছে, আগের দিন হরমুজ প্রণালীতে আলাদা চারটি ঘটনায় বিভিন্ন জলযানে আঘাত হানার খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা