শাকিবের ‘মহব্বত’-এ রাকিব

শাকিবের ‘মহব্বত’-এ রাকিব

ফাইল ছবি

‘আরএনএআর’ নামেই বেশি পরিচিত তিনি। তবে তার নাম রাশেদুজ্জামান রাকিব। ইউটিউবে তার চ্যানেলটি বেশ জনপ্রিয়। সিনেমার সমালোচনার জন্য দর্শকের মাঝে এর গ্রহণযোগ্যতাও বেশ।

এবার ইউটিউবের গণ্ডি পেরিয়ে সিনেমায় পা রাখলেন রাকিব। তাও আবার দেশের শীর্ষ তারকা শাকিব খানের সিনেমা দিয়ে অভিষেক হবে তার। শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ লেখক হিসেবে থাকছেন রাকিব। তার চিত্রনাট্যেই নির্মিত হবে সিনেমাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি পোস্টারের মাধ্যমে বিষয়টির ঘোষণা দিলেন রাকিব নিজেই। সঙ্গে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফও দিয়েছেন পোস্ট। তাতে লেখা রয়েছে, “সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন ‘মহব্বত’ দিয়ে।”

খবরটি সামনে আসতেই নেটিজেনদের বিপুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যেই রাকিবের বিশ্লেষণের ভক্ত তারা, সিনেমা নিয়ে যিনি এত চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, এবার তিনি সিনেমার চিত্রনাট্য কেমন লেখেন, সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন সকলে।

‘মহব্বত’-এর আগে হিমেল আশরাফের নির্মাণে ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এ অভিনয় করেছেন শাকিব খান। ওই দুটি সিনেমার মতো নতুন সিনেমাও প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। তবে কি সাফল্যে হ্যাটট্রিক করবেন তারা? অপেক্ষায় দর্শক।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে নায়িকা কে হবেন, তা এখনো জানানো হয়নি। গুঞ্জন উঠেছিল, এতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেখা যাবে। যদিও সে গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন নির্মাতারা। বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে।