রুশ বিমানঘাঁটিতে হামলা, ক্ষতিগ্রস্ত ছয় যুদ্ধবিমান

রুশ বিমানঘাঁটিতে হামলা, ক্ষতিগ্রস্ত ছয় যুদ্ধবিমান

ছবি সংগৃহীত।

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ছয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, বুধবার রাতে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বোরিসোভলেস্ক বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, হামলায় রাশিয়ার ছয়টি এসইউ-৩৪ যুদ্ধবিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের স্যাটেলাইট ছবিতেও বিমানঘাঁটিতে হামলার চিহ্ন দেখা গেছে বলে দাবি করেছে দেশটি।

ইউক্রেন জানিয়েছে, হামলায় তাদের নিজস্ব নেপচুন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ হামলা ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসইউ-৩৪ রাশিয়ার গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানগুলোর একটি। এগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন রণাঙ্গনে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শক্তিশালী বোমা নিক্ষেপ করে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে এসব বিমানের ব্যবহার ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।