সৌদির বিমানবন্দরে হামলায় এ পর্যন্ত আহত ৩৬৪, নিহত ১৯
প্রতীকী ছবি।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬৪ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে অবস্থিত আবহা বিমানবন্দরে প্রাণ হারিয়েছেন দুজন।
গত শনিবার রিয়াদ বিমানবন্দরে চালানো হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। সৌদি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে রিয়াদের বিমানবন্দরটি অন্তত ২০ বার হামলার শিকার হয়েছে।
তুর্কি আল-মালিকি জানান, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। আবহা বিমানবন্দরে নিহত দুজনের পাশাপাশি আহত হয়েছেন ২৮ জন। এ ছাড়া জাজান অঞ্চলের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে আরও তিনজন আহত হয়েছেন।
সৌদি আরবের সঙ্গে হুথিদের সংঘাত গত জুলাই থেকে শুরু হলেও অক্টোবরের শুরুতে হামলার তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন সামরিক জোটের মুখপাত্র।