মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, মধ্য ভাটের চর এলাকায় পাঁচ বন্ধু ফুলদী নদীতে গোসল করতে নেমেছে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও রাফি মিয়া নিখোঁজ হয়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাফি মিয়ার বাবার নাম খায়রুল ইসলাম। তিনি গজারিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করেন এবং পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। তাঁদের স্থায়ী বাড়ি নড়াইল জেলায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।