ফটিকছড়িতে চা শ্রমিকদের টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ফটিকছড়িতে চা শ্রমিকদের টাকা ছিনতাই, গ্রেফতার ৫

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ধারালো ছোরা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা-বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশের (৫৩) ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর চা-বাগানের শ্রমিকদের সহায়তায় অভিযান চালিয়ে মো. আবু (২১) ও জিহান উদ্দীনকে (২৪) গ্রেফতার করে ভূজপুর থানা-পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে পঞ্চবটি চা-বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট (২৪) ও মো. রাশেদকে (২৪) গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাবেদ (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ টাকার ৬০টি নোটসহ মোট ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট, মো. রাশেদ, মোহাম্মদ আবু, জিহান উদ্দীন ও মোহাম্মদ জাবেদ। পুলিশের তথ্য অনুযায়ী, সম্রাটের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে। রাশেদের বিরুদ্ধে দস্যুতা ও মারামারির দুটি মামলা এবং জিহান উদ্দীনের বিরুদ্ধে মারামারির একটি মামলা রয়েছে। জাবেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি লোহার তৈরি ধারালো ছোরা, ৩ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও ছিনতাই হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।