ডেঙ্গু প্রতিরোধে নিজেই রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে নিজেই রাস্তায় নেমেছেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী। নিজেই রাস্তায় নেমেছেন, হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেবার সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানের নির্দেশ দিয়েছেন 

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি শুধু মানুষকে আহ্বান জানিয়ে থেমে থাকেননি, নিজেও একজন সাধারণ নাগরিকের মতো মাঠে নেমেছেন।

ডা. মুহিত বলেন, শুধু কথা নয়, কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছেন। তিনি হাসপাতালে গিয়েছেন, সার্বিক পরিস্থিতি দেখেছেন। কিছু জায়গায় সীমাবদ্ধতা পেয়েছেন, সেগুলো সাতদিনের মধ্যে ঠিক করতে নির্দেশনা দিয়েছেন। আবার যেসব জায়গায় ভালো ব্যবস্থা দেখেছেন, সেগুলোর প্রশংসাও করেছেন।

তিনি জানান, শনিবার সকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের অনেকেই জানতেন না, তিনি ঠিক কোথায় যাবেন। আকস্মিক এই পরিদর্শনে প্রধানমন্ত্রী কয়েকটি হাসপাতাল, সরকারি কর্মচারীদের আবাসন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন। এর আগে তিনি কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার হার্ট ফাউন্ডেশনে গিয়ে সেখানকার চিকিৎসাব্যবস্থা, পরিবেশ ও বিশেষায়িত ইউনিটগুলো দেখেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হার্ট ফাউন্ডেশনের কিছু ভালো ব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে মুহিত বলেন, ডেঙ্গু মোকাবিলায় দুটি বিষয় গুরুত্বপূর্ণ-সংক্রমণ প্রতিরোধ করে আক্রান্তের সংখ্যা কমানো এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। সংক্রমণ প্রতিরোধে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়িঘর পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কমানো সম্ভব। এ কাজে সিটি করপোরেশনগুলোও কাজ করছে।