আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আলোচিত ‘কিশোর গ্যাং নেতা’
ছবি সংগৃহীত।
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ২৩ মামলার আসামি, আলোচিত ও বেপরোয়া কিশোর গ্যাং ‘নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তবে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল হোসেন ওরফে বগা। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।
জানা গেছে, ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি অনুযায়ী, চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল। দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ান তিনি। সর্বশেষ ৬ অক্টোবর নগরীর টাইগার পাস এলাকার নগর ভবনে ওয়াকিল অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে তাকে ধরতে গেলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছিল।