সংসার চালাতে ঋণ করেছে দেশের ৪৭ শতাংশ পরিবার

সংসার চালাতে ঋণ করেছে দেশের ৪৭ শতাংশ পরিবার

ফাইল ছবি

আয় দিয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে দেশের প্রায় অর্ধেক পরিবার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে স্থবিরতা ও প্রকৃত মজুরি কমে যাওয়ায় দৈনন্দিন ব্যয় সামলাতে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে অনেককে।

 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে দেখা গেছে, গত এক বছরে দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে ঋণ করেছে। শহরের তুলনায় গ্রামীণ পরিবারগুলোতে এ সংকট বেশি। জাতীয় বেতন কমিশনের অনুরোধে বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল জরিপটি পরিচালনা করে।

গত বছরের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রামীণ, শহরাঞ্চল ও সিটি করপোরেশন এলাকার তিন হাজার পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়।

জরিপ অনুযায়ী, গত এক বছরে গ্রামের ৫১.৯১ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে ঋণ করেছে। শহরাঞ্চলে এই হার ৪০.১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ৩২.১১ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো বেশি আর্থিক চাপে রয়েছে।

জরিপের তথ্য বলছে, জাতীয় পর্যায়ে পরিবারপ্রতি গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা। বিপরীতে গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ, প্রতি মাসে গড় আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে এক হাজার ৭৯৮ টাকা। এই ঘাটতি মেটাতে অনেক পরিবারকে সঞ্চয় ভাঙতে হচ্ছে কিংবা ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অঞ্চলভেদে ব্যয়ের চিত্রেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

সিটি করপোরেশন এলাকায় পরিবারপ্রতি গড় মাসিক ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা। শহরাঞ্চলে তা ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামীণ এলাকায় ৩২ হাজার ৫৩২ টাকা। জাতীয় পর্যায়ে মাসিক ব্যয়ের প্রায় অর্ধেক খাদ্য ও অর্ধেক খাদ্যবহির্ভূত খাতে ব্যয় হয়। তবে গ্রামে খাদ্য ব্যয়ের চাপ বেশি। অন্যদিকে সিটি করপোরেশন এলাকায় মোট ব্যয়ের ৫৬.৭ শতাংশ যায় খাদ্যবহির্ভূত খাতে।

অর্থনীতিবিদরা বলছেন, মহামারির পর থেকে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছে এবং কর্মসংস্থান স্থবির রয়েছে। কমছে মানুষের প্রকৃত মজুরি। ফলে আয় কমলেও ব্যয় বাড়ায় অনেক পরিবার ঋণ নিতে বাধ্য হচ্ছে। জীবনযাত্রার মান উন্নত নয়, বরং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিই বাড়তি ব্যয়ের কারণ। গ্রামে আয়ের সুযোগ কম থাকায় ঋণের চাপ বেশি। প্রবাস আয়ের সুফলও সীমিতসংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে।

এদিকে মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, গত সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার কমে ৭.৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৮.০৫ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি ছিল।

বিশ্বব্যাংকের গত ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটেও অর্থনৈতিক চাপের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমের চাহিদায় ঘাটতি ও দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত করছে। এতে দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে আনুমানিক ২২.৫ শতাংশে পৌঁছাতে পারে।