সুরা দুহায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

সুরা দুহায় মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

ফাইল ছবি

মানুষের জীবনে কখনো স্বস্তি আসে, কখনো দেখা দেয় দুশ্চিন্তা ও হতাশা। বিপদের সময় অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি তাহলে আমাকে ভুলে গেছেন? জীবনের এমন কঠিন সময়ে মুমিনকে আশাবাদী হওয়ার শিক্ষা দেয় পবিত্র কোরআনের ৯৩তম সুরা, সুরা দুহা। এ সুরায় আল্লাহর রহমত, ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।

সুরা দুহায় আল্লাহ তার নবী মুহাম্মদ (সা.)-কে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।’ (সুরা দুহা, আয়াত: ৩)

এ আয়াতের প্রেক্ষাপট নবীজি (সা.)-কে সান্ত্বনা দেওয়া হলেও এর মধ্যে মুমিনদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবনে দুঃসময় এলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। পরিস্থিতি প্রতিকূল হলেও ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

সুরা দুহার পরবর্তী আয়াতে আল্লাহ নবীজি (সা.)-কে তার প্রতি করা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং অভাবমুক্ত করেছেন। (সুরা দুহা, আয়াত: ৬-৮)

এ থেকে শিক্ষা পাওয়া যায়, জীবনের সংকটে শুধু বর্তমান দুর্দশার দিকে তাকিয়ে থাকলে চলবে না। অতীতে আল্লাহর দেওয়া নেয়ামতগুলোও স্মরণ করতে হবে। সুস্থতা, পরিবার, জীবিকা কিংবা বিপদ থেকে মুক্তি এসবই কৃতজ্ঞ হওয়ার উপলক্ষ। কৃতজ্ঞতা মানুষের মনে প্রশান্তি আনে এবং আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ায়।

সুরা দুহায় আল্লাহ বলেন, ‘সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হয়ো না। আর সাহায্যপ্রার্থীকে ধমক দিয়ো না।’ (সুরা দুহা, আয়াত: ৯-১০)

এ নির্দেশনা মানুষের প্রতি সদাচরণের গুরুত্ব তুলে ধরে। এতিম, দরিদ্র ও অসহায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কেউ সাহায্য চাইলে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হলেও সুন্দর কথা ও সহানুভূতিপূর্ণ আচরণের মাধ্যমে তার পাশে দাঁড়াতে বলা হয়েছে।

সুরা দুহার শেষ আয়াতে আল্লাহ বলেন, ‘আর তোমার প্রতিপালকের নেয়ামতের কথা প্রকাশ করো।’ (সুরা দুহা, আয়াত: ১১)

এর অর্থ অহংকার করে নিজের সম্পদ বা সাফল্য জাহির না করে,বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার দেওয়া নেয়ামতকে ভালো কাজে ব্যবহার করা উচিত। 

সুরা দুহায় মূলত মানুষকে হতাশার পরিবর্তে আশাবাদী হতে, নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে এবং অসহায় মানুষের প্রতি সদয় আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে।