পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়কের টোল নির্ধারণ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সড়কের টোল হার নির্ধারণ করেছে সরকার।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে পঞ্চবটি থেকে চর সৈয়দপুর এবং পঞ্চবটি থেকে কাশীপুর পর্যন্ত যানবাহনের শ্রেণিভিত্তিক টোল হার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলের টোল পঞ্চবটি-চর সৈয়দপুর রুটে ৪০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর রুটে ২০ টাকা। সিএনজিচালিত তিন চাকার যানবাহনের জন্য এ দুই রুটে টোল যথাক্রমে ৫০ ও ৩০ টাকা।
কার ও জিপের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৫০ টাকা। মাইক্রোবাস ও পিকআপের জন্য ১৫০ ও ১০০ টাকা এবং মিনিবাসের জন্য ২০০ ও ১২৫ টাকা টোল দিতে হবে।
৩১ বা তার বেশি আসনের বাসের টোল পঞ্চবটি-চর সৈয়দপুর রুটে ৩০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর রুটে ১৫০ টাকা। ছয় চাকার ট্রাকের জন্য টোল যথাক্রমে ৪০০ ও ২০০ টাকা। ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে তা ৬০০ ও ৪০০ টাকা।
এ ছাড়া ট্রেইলারের টোল নির্ধারণ করা হয়েছে পঞ্চবটি-চর সৈয়দপুর রুটে ৮০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর রুটে ৫০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার তারিখ থেকে নির্ধারিত টোল কার্যকর হবে।
গত ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ডিসেম্বর নাগাদ প্রকল্পটি চালু হবে বলে জানান তিনি।
প্রকল্পের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত এর ভৌত অগ্রগতি ৯৮ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮২ দশমিক ৮৬ শতাংশ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ, নির্বিঘ্ন ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানজট কমানো, যাতায়াতের সময় সাশ্রয় এবং শিল্পাঞ্চলের পণ্য পরিবহনে গতি বাড়াতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।