ইলিশ কিনছেন নাকি চন্দনা-সুরমা? চিনবেন যেভাবে
ফাইল ছবি
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এমন মানুষ পাওয়া কঠিন যে ইলিশ মাছ পছন্দ করে না। এটি সামুদ্রিক মাছ, তবে ডিম পাড়তে বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আসে। বাজারে ইলিশের ব্যাপক চাহিদা ও চড়া দামের কারণে ইলিশ বলে চন্দনা ও সুরমা মাছ বিক্রির অভিযোগ রয়েছে। দেখতে কিছুটা মিল থাকায় অনেক ক্রেতা এসব মাছকে ইলিশ ভেবে কিনে প্রতারিত হচ্ছেন। বিশেষত হোটেলে রান্না করা মাছ পরিবেশনের সময় আসল ইলিশ ও অন্য মাছের পার্থক্য বোঝা বেশ কঠিন।
এ ছাড়া চন্দনা ও সুরমা ইলিশ হিসেবে বিক্রি হলেও এসব মাছের স্বাদ এবং গন্ধ রুপালি ইলিশের ধারের কাছেও নেই। তাই কেনার আগে চিনে নিতে হবে আসল ইলিশ।
আসল ইলিশ চেনার উপায়-
- ১. ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু, পিঠের ও পেটের দিক প্রায় সমভাবে উত্তল।
- ২. ইলিশ বেশ বড় (৭৫ সেন্টিমিটার পর্যন্ত) হয়ে থাকে।
- ৩. ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সুচালো।
- ৪. ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেটা সাদাটে।
- ৫. আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট।
- ৬. পার্শ্বরেখা বরাবর এক সারিতে আইশের সংখ্যা ৪০ থেকে ৫০টি।
- ৭. ইলিশের পেটের নিচে বিদ্যমান স্কুইটসের সংখ্যা ৩০ থেকে ৩৩টি পর্যন্ত থাকে।
- ৮. আসল ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা (a series of small spots) থাকে।
- ইলিশের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যরে শতকরা ২৮ থেকে ৩২ ভাগ হয়ে থাকে।
বাজারে ইলিশ মাছ কেনার সময় সম্ভব হলে আস্ত মাছ বেছে দেখে যাচাই করে কেনা উচিত। তবে অবশ্যই ইলিশ মাছ কেনার সময় দেহের গঠন, রং ও গায়ের দাগ পর্যবেক্ষণ করতে হবে।