এক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
ছবি: সংগৃহীত
এক মণ্ডপেই সারি সারি ২৭৭টি প্রতিমা। কোথাও শোভা পাচ্ছে মনসামঙ্গল কাব্যের বেহুলার উপাখ্যান, কোথাও বা নবদুর্গার জীবনকাহিনী। পৌরাণিক কাহিনীর এমন ব্যতিক্রমী ও শৈল্পিক উপস্থাপন দেখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর ঢল নেমেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের কেন্দ্রীয় হরি মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসব এখন আর কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিমার বৈচিত্র্য, পৌরাণিক প্রসঙ্গের নিখুঁত চিত্রায়ণ এবং বর্ণাঢ্য সাজসজ্জায় এটি পরিণত হয়েছে এক সম্প্রীতির মিলনমেলায়। স্থানীয় আয়োজকদের দাবি, এটি দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহত্তম ও বর্ণাঢ্য পূজামণ্ডপ।
সরেজমিন দেখা গেছে, সুবিশাল তোরণ পেরিয়ে মন্দিরে প্রবেশের পরই চোখ জুড়িয়ে যায় মনোরম আলোকসজ্জা ও সাজসজ্জায়। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই নজরে আসে সারি সারি প্রতিমা। দর্শনার্থীদের ভিড়ে সেখানে এক প্রকার তিল ধারণের ঠাঁই নেই। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দর্শনার্থীরা একদিক দিয়ে প্রবেশ করে একে একে ২৭৭টি প্রতিমা দর্শন শেষে অন্যদিক দিয়ে বের হয়ে যাচ্ছেন। মন্দিরের পাশে সুসজ্জিত একটি পুকুরে তৈরি করা হয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও কাশফুলের বাগান, যা দর্শনার্থীদের ছবি তোলার অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫ সাল থেকে আলফাডাঙ্গা সদর বাজারের পাশে কুসুমদি গ্রামের এই মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। তবে এবার পঞ্চমবারের মতো এত বিশাল পরিসরে এই আয়োজন করা হয়েছে। গত বছর ২৫১টি প্রতিমা দিয়ে মণ্ডপ সাজানো হলেও এবার আরও ২৬টি বাড়িয়ে মোট ২৭৭টি প্রতিমা স্থাপন করা হয়। এসব প্রতিমায় বেহুলার উপাখ্যান ও নবদুর্গার জীবনকাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিখ্যাত মৃৎশিল্পী নিরঞ্জন দাস ও সুব্রত দাস ৬ জন সহকারীকে সঙ্গে নিয়ে দীর্ঘ দুই মাস ধরে এসব শৈল্পিক প্রতিমা নির্মাণ করেছেন।
সাতক্ষীরা থেকে পরিবার নিয়ে পূজা দেখতে আসা অজয় কুমার বলেন, অনেক জায়গায় পূজা দেখতে গিয়েছি। কিন্তু এত বড় আয়োজন কোথাও দেখিনি। অনুভূতি সত্যিই চমৎকার।
মাগুরা থেকে আসা আরেক দর্শনার্থী সুব্রত চক্রবর্তী বলেন, লোকমুখে শুনে আমরা একটি মাইক্রোবাস ভাড়া করে পূজা দেখতে এসেছি। নবদুর্গা ও সতী বেহুলার ঘটনা অবলম্বনে নির্মিত এই আয়োজন এক কথায় অসাধারণ।
কেন্দ্রীয় হরি মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায় বলেন, প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে হাজারও দর্শনার্থী আসছেন এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা দর্শন করছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস আশা প্রকাশ করে জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই প্রতিমা প্রদর্শনী চলবে। আগামী বছর ৩০১টি প্রতিমা প্রদর্শনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, বড় এ আয়োজনকে কেন্দ্র করে কঠোর ও সুনির্দিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে এবং পুরো এলাকা নিবিড় মনিটরিং করা হচ্ছে।