কুমিল্লায় পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত
ফাইল ছবি
কুমিল্লার বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ২৭ জন আহত হয়েছেন। বরুড়া পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলীসহ বিভিন্ন এলকায় এ ঘটনা ঘটে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মুজাহিদুল ইসলাম কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তার ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮), ফাহিমা (২০), সাইফুল ইসলাম (১৬), আনোয়ার হোসনে (৩৫)। বাকিদের নাম জানা যায়নি। তবে আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে হঠাৎ করে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলী এলাকায় পথচারী ও সাধারণ মানুষের ওপর অতর্কিত আক্রমণ চালায় দুইটি পাগলা কুকুর। এতে আহত অন্তত ১৩ জন হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরো ১৪ জনকে কামড় দিয়ে আহত করে।
এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মুজাহিদুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৪ জনসহ দুই দিনে মোট ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। শুনেছি তারা দুইটি পাগলা কুকুরের কামড়ে তারা আক্রান্ত হয়েছেন।