মাগুরায় অতিরিক্ত মদপানে ২ যুবকের মৃত্যু
ফাইল ছবি।
মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতদের একজন মুসলিম ও অন্যজন সনাতন ধর্মাবলম্বী।
মৃত দুই যুবক হলেন- মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলমগীর ও বিধান। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থতার পর তাঁদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, অসুস্থ আলমগীরকে তাঁর বন্ধুরা হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মদ্যপানের পর অসুস্থ হয়ে বিধানও প্রথমে বাড়িতে অবস্থান করছিলেন। তাঁর কাকিমা সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে মদ্যপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বিষয়টি পরিবারের কাউকে না জানালেও পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি তাঁদের জানান। এরপর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুজনকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।