আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি আরব
ছবিঃ সংগৃহীত
ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের সংঘাত বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মীদের দপ্তর ছেড়ে দূর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। তবে ঠিক কী কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির দিকে হুথিদের অগ্রসর হওয়ার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘর্ষ বেড়েছে। এই প্রণালি বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।
সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার মধ্যেই আরামকোর এই সিদ্ধান্ত এসেছে। চলতি মাসের শুরুতে হুথিদের হামলায় ধাহরানে আরামকোর সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে।