মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
মাগুরায় পৌর যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
শনিবার দুপুর ১টার দিকে মাগুরা ঢাকার রোড ও পার্নান্দুয়ালি এলাকায় মহাসড়ক অবরোধের এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
মাগুরা জেলা পুলিশের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জেলা পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। এসব ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হবে পুলিশ।