কুমিল্লায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
কুমিল্লার বরুড়ায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদরের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ছিল। তবে এর সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে