গোপালগঞ্জ মেডিকেল কলেজে ৩য় বার্ষিক সীরাহ কনফারেন্স

গোপালগঞ্জ মেডিকেল কলেজে ৩য় বার্ষিক সীরাহ কনফারেন্স

সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজে (জিজিএমসি) অনুষ্ঠিত হয়েছে ‘তৃতীয় বার্ষিক সীরাহ কনফারেন্স-২০২৬’। সম্প্রতি জিজিএমসি ইসলামিক কালচারাল সোসাইটি ও জিজিএমসি দাওয়াহ সোসাইটির যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সের কালচারাল ফেস্ট অংশে দিনব্যাপী সীরাহ অলিম্পিয়াড, ক্যালিগ্রাফি ও পেইন্টিং কম্পিটিশন এবং আল কুরআন রিসাইটেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি মসজিদ-উত-তাকওয়ার খতীব মুফতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অখ্যাপক ডা. নুরুল্লাহ, জিজিএমসির ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম সরোয়ার এবং ইসলামিক স্কলার মুফতি নিজাম বিন মুহিব।

প্রধান আলোচকের বক্তব্যে মুফতি সাইফুল ইসলাম মেডিকেল শিক্ষার্থী তথা ভবিষ্যৎ চিকিৎসকদের মহানবী রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে চিকিৎসা পেশায় নৈতিকতা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং গরিব রোগীদের রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা মোতাবেক সাহায্য করার আহ্বান জানান।

সীরাহ কনফারেন্স বাস্তবায়ন পর্ষদের কোঅর্ডিনেটর ইয়াছিন আরাফাত সিয়াম বলেন, ‘রাসুলুল্লাহর (সা.) সীরাতের নূর ছড়িয়ে দিতেই প্রতিবছর আমরা ক্যাম্পাসে সীরাহ কনফারেন্স ও কালচারাল ফেস্ট আয়োজন করে আসছি। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো—প্রিয় নবীজীর প্রদর্শিত পথ মোতাবেক যেন চিকিৎসক ও চিকিৎসা বিদ্যার্থীদের জীবন পরিচালিত হয়।’

শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জনের অংশগ্রহণে দোয়া, মুনাজাত ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।