চাঁদপুরে মেঘনায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ
সংগৃহীত
চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় টাস্ক ফোর্সের অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল সহ বিভিন্ন ধরনের ৪০ হাজার ৭৩০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এসব তথ্য জানান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২৪ ঘন্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শনিবার বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় অপর অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারে মেঘনার শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে ২০ জনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুহুল আমিন জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।