হুথিদের হুমকির মধ্যেই আন্তর্জাতিক বিমান বন্দর ফের চালু করল রিয়াদ

হুথিদের হুমকির মধ্যেই আন্তর্জাতিক বিমান বন্দর ফের চালু করল রিয়াদ

ছবি: সংগৃহীত

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি হুথি গোষ্ঠীর হুমকি উপেক্ষা করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট অপারেশন ফের চালু করেছে সৌদি আরব। আজ রোববার ভোর থেকে চালু হয়েছে কিং খালিদ বিমান বন্দরের ফ্লাইট অপারেশন।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে একটি বিমান উড্ডয়ন করে সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে হুথি গোষ্ঠীর অব্যাহত হামলার কারণে দু’সপ্তাহ বন্ধ ছিল রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর। হুথি গোষ্ঠী হুমকি দিয়েছিল যে বিমানবন্দর চালু করা হলে ফের হামলা করা হবে।

দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব এবং তাদের সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের ধারাবাহিক হামলার মুখে রয়েছে। এ সংঘাত একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর লড়াইয়ের কেন্দ্রবিন্দুকে নতুন মোড় দিয়েছে এবং অপরদিকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “২৫ অক্টোবর, ২০২৬, রবিবার থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল (১) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এবং টার্মিনাল (২) জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে।”

উল্লেখ্য গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিকভাবে একের পর এক হামলা চালিয়েছে। এর মধ্যে চলতি মাসে এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ হামলাটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে ঘটা সবচেয়ে প্রাণঘাতী হামলা।

২৪ অক্টেবর (শনিবার) হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারী সতর্ক করে বলেছেন, বিমানবন্দরটি এখনও ‘অনিরাপদ’ এবং এটি তাদের কাছে একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’।

তিনি বলেছেন, “ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় এয়ারলাইনস—পাশাপাশি বিমানবন্দর কর্মী ও যাত্রীদের—রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করছে। কারণ এটি অনিরাপদ এবং আমাদের বাহিনীর জন্য একটি সামরিক লক্ষ্যবস্তু।”

তিনি আরও বলেছেন, “এই বিমানবন্দরে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটলে তার পরিণামের দায় সৌদি সরকারকেই বহন করতে হবে।”

এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-ইয়েমেন সামরিক জোট রোববার ভোরে জানিয়েছে যে, তারা রিয়াদ এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র : এএফপি, এনডিটিভি