জুলাইয়ে উসকানির অভিযোগে শ্যামল, মোজাম্মেল ও ফারজানা ট্রাইব্যুনালে

জুলাইয়ে উসকানির অভিযোগে শ্যামল, মোজাম্মেল ও ফারজানা ট্রাইব্যুনালে

ছবি সংগৃহীত।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানি ও প্ররোচনার অভিযোগে করা মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৫ অক্টোবর) দিন ধার্য রয়েছে। সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

তিন সাংবাদিক হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

এর আগে গত ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিকের বক্তব্য ও প্রশ্নের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানি দেওয়া হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে মন্তব্য করেন।

রাষ্ট্রপক্ষের দাবি, এ ধরনের উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ ঘটনায় তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা তদন্ত করছে তদন্ত সংস্থা।