সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ছবি: সংগৃহীত
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’র ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।