সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণ মামলায় দুইজন কারাগারে

সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণ মামলায় দুইজন কারাগারে

প্রতিকি ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমন (২৩) ও নুরুল আবছার। রবিবার তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে কিশোরীকে ওই বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৩০ ধারায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।