চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলে আটক
প্রতিকি ছবি
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মোহনপুর নৌ পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ চায়না চাই, মশারিজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩২০ মিটার চায়না চাই, ৮০ মিটার মশারিজাল ও ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক আটটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে আরও ২৫ জেলেকে আটক করে সদর নৌ পুলিশ। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।
চাঁদপুর নৌ থানার ওসি মো. আজমগীর হোসেন জানান, আটক ২৫ জেলের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।