ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন

ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

অসুস্থতার খবর, বিশ্রামে থাকার পরামর্শ, তার ওপর বাড়িতে বোমা হামলার হুমকি সব মিলিয়ে অমিতাভ বচ্চনকে নিয়ে উদ্বেগে ছিলেন ভক্তরা। এর মধ্যেই মুম্বাইয়ে নিজের বাড়ি জলসার সামনে পরিচিত ভঙ্গিতে হাজির হলেন এই বলিউড তারকা। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানানোর পাশাপাশি আশ্বস্ত করলেন, তিনি এখন ভালো আছেন।

সম্প্রতি নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন অমিতাভ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে আরেকটি পোস্টে জানান, শারীরিক অসুস্থতা এখনো পুরোপুরি কাটেনি। সুস্থ হয়ে উঠতে তার আরও কিছুটা সময় ও বিশ্রাম প্রয়োজন।

এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয় অমিতাভের বাড়িতে বোমা হামলার হুমকির খবর সামনে আসায়। ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। তবে মুম্বাইয়ে তার বাংলো জলসা, নাকি প্রতীক্ষাকে লক্ষ্য করে হুমকিটি দেওয়া হয়েছিল, তা স্পষ্ট হয়নি। ঘটনার পর অমিতাভের বাড়ির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

এমন পরিস্থিতিতে রবিবার জলসার সামনে অমিতাভকে দেখে স্বস্তি পান ভক্তরা। বাড়ির বাইরে এসে চিরচেনা ভঙ্গিতে তাদের দিকে হাত নাড়েন তিনি। ভক্তদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের শারীরিক অবস্থা ভালো বলেও জানান এই অভিনেতা।

এদিন অমিতাভের সঙ্গে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চনও। তবে পুরো সময়জুড়েই অভিনেতাকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। ভক্তদের নজর ছিল মূলত অমিতাভের দিকে। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা।

এদিকে, শুক্রবার মুম্বাই পুলিশের কাছে অমিতাভ বচ্চনের বাংলোকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর বিষয়টি জানানো হয়। ইমেইলটি মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) এলাকার একটি স্কুলে পাওয়া গিয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।