চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৮১
প্রতিকী ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১০ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পূর্ববর্তী মামলায় ৭৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৯ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১২৬ জন এবং সাজা পরোয়ানামূলে ২২ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৭৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জনকে কারাদণ্ড এবং ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৩৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ২০ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ কেজি ৬৭ গ্রাম গাঁজা, ২৭ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০ বোতল বিদেশি মদ এবং ১১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলায় সর্বোচ্চ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ২ জন, রাঙামাটিতে ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, ফেনীতে ১ জন এবং খাগড়াছড়িতে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১০ জনের মধ্যে ২২৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৬২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ৫৭ জন, নোয়াখালীতে ৪৫ জন, চট্টগ্রামে ২৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, কক্সবাজারে ১২ জন, ফেনীতে ১২ জন, খাগড়াছড়িতে ৯ জন, রাঙামাটিতে ৭ জন এবং চাঁদপুরে ৬৮ জনকে আটক করা হয়েছে।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।