বিগ ব্যাশ খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মোস্তাফিজ

বিগ ব্যাশ খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মোস্তাফিজ

ফাইল ছবি

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটি খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

সোমবার ঘরোয়া আসর ‘ডি থ্রি’ নিলামে এই তথ্য নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের জানান, রিশাদ হোসেনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। তাদের এনওসি দেওয়ার ব্যাপারেও ইতিবাচক তিনি। 

বিগ ব্যাশ খেলার কারণে ডি থ্রি আসরের সব সংস্করণে খেলতে পারবেন না কাটার মাস্টার। তাকে কেবল ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে। এদিন নিলামে ৭০ লাখ পয়েন্ট (ভার্চুয়াল পয়েন্ট সিস্টেম) দিয়ে তাকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। পুরো আসর খেলতে না পারায় তাকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি হয়নি।

আসছে ডিসেম্বর-জানুয়ারিতে হবে বিগ ব্যাশ। একই সময়ে ডি থ্রি আসরের টি-টোয়েন্টি সংস্করণ হওয়ার কথা। লাল বলের ক্রিকেট না খেলায় মোস্তাফিজুর রহমান ঘরোয়া ক্রিকেটেও প্রথম শ্রেণির ম্যাচ খেলেন না।