১১ দলীয় জোটের কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

১১ দলীয় জোটের কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

ছবি সংগৃহীত।

জুলাই সনদ বাস্তবায়নসহ সাত দফা দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। দাবিগুলোর পক্ষে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, জনগণের মনোভাব ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যথায় পরিণাম ভালো হবে না। জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর, সংবিধান সংস্কার পরিষদ গঠন, নাগরিক জীবনের সংকট নিরসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লংমার্চ হবে। এতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং চাঁদাবাজির বিষয়ও তুলে ধরা হবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা ও শাপলা গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারও দাবি করা হবে।

ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। পরে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা চান মামুনুল হক।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ জানান ১১ দলীয় ঐক্যের নেতারা। মামুনুল হক বলেন, নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় লোক নিয়োগের কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে তাঁদের সংশয় রয়েছে। ঠাকুরগাঁও উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তাঁরা উদ্বিগ্ন।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির এমন বক্তব্য আতঙ্কজনক ও উদ্বেগজনক। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা শঙ্কিত।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়েও সমালোচনা করেন তিনি। রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলের সদস্য নির্বাচন ও সফরের আয়োজন নিয়ে প্রশ্ন তুলে মামুনুল হক বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে।

এর আগে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, ঠাকুরগাঁও উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।