বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে বসতঘরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাহাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনহর আলী চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মো. জাকিরের একমাত্র ছেলে। তাঁর বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতঘরের গলিতে বৈদ্যুতিক কাজ করার সময় সংযোগ চালু থাকা অবস্থায় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন রাহাত। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইয়াকুব বলেন, সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট ওই তরুণকে হাসপাতালে আনা হয়।

তাঁর তিনটি ইসিজি পরীক্ষা করা হয়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।