চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনের ব্যবধানে জেলাটিতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল।

মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেজাউল করিম (৬৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর কলোনীপাড়া মহল্লার লাল মোহাম্মদের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং রবিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. মুরশালিন নামে আরও একজন।

সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, দুই মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছে এবং ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।