পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের একজনের মরদেহ উদ্ধার

পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের একজনের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে মারুফ (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলের (৩৫) সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী গোসল করতে নদীতে নামেন।

তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়।

পরে নিখোঁজ দুজনের মধ্যে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। তবে রাসেলের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।