নেত্রকোণায় নদী রক্ষায় আলোচনা সভা
সংগৃহীত
নেত্রকোণা জেলায় ‘শুধু নদী খনন করলেই নদী রক্ষা হবে না, নদীর সীমানা নির্ধারণ, দখলমুক্ত করা, দূষণের উৎস বন্ধ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে’—এ আহ্বানের মধ্য দিয়ে নদী রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নদীকে পুনরুজ্জীবিত ও রক্ষা করতে হলে শুধু খননকাজই যথেষ্ট নয়। এজন্য নদীর সঠিক সীমানা নির্ধারণ ও অবৈধ দখলমুক্ত করা, দূষণের উৎস চিহ্নিত করে তা বন্ধ করা, অপরিকল্পিত বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নিয়মিত তদারকির জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সাথে নদী রক্ষায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রফেসর ননীগোপাল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন।
আব্দুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেলার নেটওয়ার্ক মেম্বার দিলওয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম, মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক দেবযানী ভৌমিক, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নাজমুল হক এবং কৃষি সম্প্রসারণ অফিসের প্রতিনিধি মো. রাশেদুজ্জামান আজাদ।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল আলম, বেলার প্রজেক্ট ম্যানেজার মোজাফফর ফয়সাল, বেলার ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা উজ্জ্বল কুবি, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাসসের নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. তানভীর হায়াত খান, বারসিকের প্রতিনিধি অহিদুর রহমান, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, নেত্রকোণা জেলা জীববৈচিত্র্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও পরিবেশকর্মী মেহেদী হাসান, দৈনিক দেশ কণ্ঠস্বরের প্রকাশক ও প্রকৃতি কর্মী জালাল চৌধুরী এবং সমাজকর্মী মো. আ. আজিজ।
সভায় স্থানীয় পরিবেশকর্মী ও নদীর তীরবর্তী সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং নদী রক্ষায় তাদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।