নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ছানি অপারেশন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের কালীরবাজার এলাকায় মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে এবং সহিতুননেসা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
এ বিষয়ে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের জন্য আমাদের এ আয়োজন।’
তিনি আরও বলেন, ‘অসহায় মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। প্রতিমাসেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও যেন এ মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা সামাজিক সংগঠনের চেয়ারম্যান তাসলিমা মাজহার জলি, সহিতুননেসা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান, যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুম, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, এম এ মান্নান ও শাহীন ঢালীসহ অন্যরা।