রংপুরে সড়ক বিভাজকে বাস উল্টে নিহত ১
ফাইল ছবি
রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম, পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।