ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেফতার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, আলামিন সরকার সন্ত্রাসবিরোধী আইনের ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।