ফেনীতে দুই কলেজে পাস করেননি কেউ
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম বিপর্যয়। প্রতিষ্ঠান দুটির কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া কলেজ দুটি হলো বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বিকন মডেল কলেজ।
শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। এদিন বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলসংক্রান্ত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ডের তথ্য অনুযায়ী, বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নেন মাত্র তিনজন শিক্ষার্থী। তবে তাদের কেউই পাস করতে পারেননি।
অন্যদিকে বিকন মডেল কলেজ থেকেও আশানুরূপ ফল আসেনি। প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগ মিলিয়ে মোট সাতজন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের তিনজন, মানবিক বিভাগের তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। তবে সাতজনের সবাই অকৃতকার্য হয়েছেন।
ফলে জেলার এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা শিক্ষা সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।