ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
প্রতিকি ছবি
গাইবান্ধার ফুলছড়িতে তিনটি ইয়াবা বড়িসহ টিটু মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। টিটু মিয়া উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
শুক্রবার রাতে উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে খাদ্যগুদাম এলাকায় টিটু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টিটু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন আদালত।
টিটু মিয়া উপজেলার উদাখালী ইউনিয়নের ভাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা। ওসি এসরাকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।